চাঁবিপ্রবিতে ২ আবাসিক হল উদ্বোধন

চাঁবিপ্রবি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসন সুবিধা সম্প্রসারণে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানের লক্ষ্যে দুটি আবাসিক হলের উদ্ধোধন করা হল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হল দুটির আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

জানা গেছে, ক্যাম্পাসে উদ্ধোধনকৃত হল দুটির মধ্য একটি ছাত্রদের ও অপরটি ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

নতুন চালু হওয়া আবাসিক হল দুটিতে ছাত্রদের জন্য ৮৫ জন এবং ছাত্রীদের জন্য ৪০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। আবাসিক সুবিধা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়ক হয় এবং একটি সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ গড়ে তোলে। আমরা ধাপে ধাপে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছি।”

তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহাবস্থানের চর্চার মাধ্যমে আবাসিক হলগুলোকে জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

নতুন হলের উদ্ধােধনের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের ছোঁয়া লক্ষ্য করা যায়। 
শিক্ষার্থীরা জানান, এই আবাসিক হল চালুর মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে গবেষণা ও একাডেমিক উৎকর্ষতায় নতুন গতি সঞ্চার করবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্য ছাত্র হলের প্রভোস্ট প্রিন্স মাহমুদ ও ছাত্রী হলের প্রভোস্ট খাদিজা খাতুন টুম্পা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।