শিগগিরই তেল সংকট কাটবে বলে আশা আইইএ'র
- ১৬ মার্চ ২০২৬, ১০:৫০
ইরানে আমেরিকার হামলার প্রভাবে বিশ্বব্যাপী চলমান তেল সংকটের সমস্যা শিগগিরই কেটে যাবে বলে আশাবাদী আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি ঘোষণা করেছে, তারা তাদের জরুরি মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়বে, এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ শিগগিরই স্বাভাবিক হতে শুরু করবে।
সংস্থাটি জানিয়েছে, এশিয়া-ওশেনিয়া অঞ্চলে এই তেল ‘অবিলম্বে’ পাওয়া যাবে এবং আমেরিকা ও ইউরোপে মার্চের শেষ নাগাদ সরবরাহ শুরু হবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ আইইএর ৩২টি সদস্য দেশ বুধবার এই তেল ছাড়ার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, মূলত বর্তমানের ‘নজিরবিহীন’ সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময় এই সংস্থা জরুরি মজুত থেকে যে পরিমাণ তেল বাজারে ছেড়েছিল, এবারের পরিমাণ তার দ্বিগুণেরও বেশি। দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম প্রায় ২৫ শতাংশ বেড়ে গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে পাল্টা জবাব দিয়ে আসছে ইরানও।
ইসরায়েলের বিভিন্ন শহরে হামলার পাশাপাশি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির সমুদ্রপথ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ রেখেছে ইরান।