একদিনে দেশে এলো ৫১ হাজার টন তেল

জ্বালানি তেল

ইরান যুদ্ধের বিরতির মাঝে একদিনে দেশে এলো ৫১ হাজার টন তেল। দুটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৫১ হাজার টন জ্বালানি তেল, যার মধ্যে রয়েছে ফার্নেস অয়েল ও অকটেন। দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে, খবর বাসস।

দুটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও ৫১ হাজার টন জ্বালানি তেল। এর মধ্যে একটি জাহাজে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং অন্যটিতে অকটেন এসেছে ২৬ হাজার টন। আজ বৃহস্পতিবার সকালে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে।  

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, ৫১ হাজার টনের এই চালানে ‘সেন্ট্রাল স্টার’ নামক জাহাজে করে ২৫ হাজার টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ন কুইন্স’ জাহাজে করে ২৬ হাজার টন অকটেন আনা হয়েছে।

বন্দর সচিব আরও জানান, জাহাজ দুটি বুধবারই বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। বৃহস্পতিবার ভোরে সেগুলো বহির্নোঙরে এসে পৌঁছায়। ১৫ এপ্রিলের মধ্যে আরও পাঁচটি জ্বালানি তেলবাহী জাহাজ বিভিন্ন দেশ থেকে এই বন্দরে আসার কথা রয়েছে।

এর আগে শুক্রবার সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামক একটি জাহাজ বন্দরের ডলফিন জেটিতে আসে। এছাড়া একই সময়ে মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে। মার্চ মাসে মোট ৩৩টি জ্বালানি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে ছিল বিভিন্ন ধরনের তেল, ৮টিতে এলএনজি এবং বাকি ৯টিতে এলপিজি ছিল। দেশে জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই নিয়মিত আমদানি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।