বিশ্বকাপে এখনও গোল হজম করেনি ২ দল

বিশ্বকাপ ফুটবল

চলতি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত যে দলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো আর্জেন্টিনা ও ব্রাজিল। গ্রুপ পর্বে দারুণ ছন্দে খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে শুরুটা খুব একটা ভালো না হলেও কার্লো আনচেলত্তির কৌশলে রাউন্ড ১৬-তে পৌঁছে গেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এদিকে ওসমান ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্মে অপ্রতিরোধ্য ফ্রান্স। ড্র কিংবা হারেনি কোনো ম্যাচেই। ধাপে ধাপে এগোচ্ছে পর্তুগাল ও ইংল্যান্ড। তবে চলতি বিশ্বকাপে কোনো না কোনো গোল হজম করেছে এই দলগুলো।

ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের গ্রুপ পর্বের খেলা ইতোমধ্যেই শেষ। দ্বিতীয় রাউন্ডও শেষ হওয়ার পথেই। তবে অবাক করা বিষয় হলো আসরে এমন দুই দল আছে, যারা এখনও একটি গোল হজম করেনি।

গ্রুপ পর্ব থেকে নক-আউটে ওঠার পথে স্পেনের রক্ষণভাগ ছিল এককথায় অনবদ্য। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচগুলোতে নিজেদের শক্তিমত্তা পুরোপুরি মেলে ধরেছে দিদিয়ের দে লা ফুয়েন্তের শিষ্যরা। সৌদি আরবের বিপক্ষে তারা জিতেছে ৪-০ গোলের ব্যবধানে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুযেকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ৩ ম্যাচে ৫ গোল করলেও কোনো গোল হজম করেনি তারা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ আয়োজক হিসেবে আছে মেক্সিকো। ঘরের মাঠের চেনা দর্শকদের সামনে যেন এক অপ্রতিরোধ্য প্রাচীর গড়ে তুলেছে। আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্তাদিও আসতেকায় শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ইকুয়েডরকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে। নকআউটে এই জয়ে তারা শেষ ১৬ নিশ্চিত করেছে।

হুলিয়ান কুইনোনেস এবং রাউল হিমেনেজের গোলে ম্যাচ জেতার পাশাপাশি পুরো ম্যাচে ইকুয়েডরের আক্রমণভাগকে বোতলবন্দী করে রেখেছিল মেক্সিকান ডিফেন্ডাররা। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঞ্জেলকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেনি কোনো দলের খেলোয়াড়।

বিপরীতে গ্রুপ পর্ব এবং রাউন্ড অব ৩২-এর খেলা খেলা প্রতিপক্ষের জালে মোট ৮টি গোল করেছে মেক্সিকো।