ফের হামলার হুমকি নেতানিয়াহুর

ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা চলছে। এর মধ্যেই ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানে ফের হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলের প্ররিতক্ষা বাহিনী (আইডিএফ) । সরকারের পক্ষ থেকে সংকেত পেলেই তারা হামলা শুরু করবে।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘এ পর্যন্ত আমরা দু’বার ইরানে হামলা করেছি। এর মাধ্যমে আমরা ইসলায়েলকে পরমাণু বোমার সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে মুক্ত করেছি। যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয়বার হামলা হবে। এ ব্যাপারে আমাদের সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।’

২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি অথরিটি (আইএইএ) এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে। এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ। ইরান এই ইউরেনিয়াম বিশুদ্ধকরণ অব্যাহত রেখেছে। যদি বিশুদ্ধতার মান ৯০ শতাংশে ‍উন্নীত করা যায়, তাহলে এটা দিয়ে অনায়াসে পরমাণু বোমা বানানো সম্ভব।

আইএইএ এই বিবৃতি প্রকাশের ৫ দিন পর ১১ জুন রাতে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। ১২ দিন ধরে চলা সেই অভিযানে ইরানের পরমানু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়। এছাড়া দেশটির প্রথম সারির বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণূ বিজ্ঞানী নিহত হন। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই অভিযান বন্ধ করে ইসরায়েল।

একই ইস্যুতে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের অধিক শীর্ষ কর্মকর্তা নিহত হন। দীর্ঘ ৪০ দিন ধরে অব্যাহত হামলার পর গত ৮ জুলাই যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় করা ওই চুক্তি অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি হওয়ার কথা। ইসরায়েল সেটা অস্বীকার করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

নেতানিয়াহু এমন সময়ে ইরানকে তৃতীয়বার হামলার হুঁশিয়ারি দিলেন, যখন ইসলামাবাদ চুক্তির আওয়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চলছে এবং উভয়পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলমান আছে।

নেতানিয়াহু অবশ্য ইতোমধ্যে বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাবিত শান্তিচুক্তি ইসরায়েল বাধ্য নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলায়েলের ওপর থেকে মার্কিন মিত্রতার হাত সরিয়ে নেওয়ার হুমকি প্রদানের পর এ ব্যাপারে আর বেশি অগ্রসর হননি তিনি।

নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘বিবি(নেতানিয়াহুর ডাক নাম), আপনি সাবধানে কথাবার্তা বলবেন। নইলে শিগগিরই আপনাকে একা হয়ে যেতে হবে।’
সূত্র: আনাদোলু এজেন্সি, ইন্ডিয়া টুডে