ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ ট্রেন
- ০২ জুলাই ২০২৬, ১৮:২৮
দীর্ঘ দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতা-ঢাকা ট্রেন পরিষেবা পুনরায় চালুর কোনো তারিখ ঘোষণা করা না হলেও কূটনৈতিক আলোচনা চলছে। তারিখ ঘোষণা হওয়া মাত্রই আমরা পরিষেবা চালু করতে প্রস্তুত।
ওই কর্মকর্তা আরও বলেন, যেকোনো মুহূর্তে ট্রেন চালানোর জন্য রেক ও কোচগুলো পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে আন্তঃসীমান্ত ট্রেন মিতালী, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করে ভারত। মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের রেকগুলো কলকাতায় রয়েছে।
দুই বছর স্থগিত থাকার পর ভারত পুনরায় বাংলাদেশিদের পর্যটক ভিসা দেওয়া শুরু করার পর ট্রেন চালুর বিষয়ে আলোচনা শুরু হয়। ভিসা সংক্রান্ত এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশের ভিসা কেন্দ্রগুলোতে প্রচণ্ড ভিড় দেখা যায়। আকাশপথে উচ্চ ভাড়ার কারণে চিকিৎসার জন্য কলকাতায় আসা হাজার হাজার বাংলাদেশী নাগরিক তখন থেকেই ট্রেন পরিষেবা পুনরায় চালুর আশায় ছিলেন। এর মধ্যেই নতুন সুখবর এলো।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস