ইরান-বাংলাদেশ স্পিকারের বৈঠক
- ০৩ জুলাই ২০২৬, ১৭:৩৮
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম)। সেখানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় দেশটির রাজধানী তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছান।
শনিবার (৪ জুলাই) আয়াতুল্লাহ খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাকে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নিয়ে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশি প্রতিনিধিদলের।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি শাহাদতবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।