খামেনির জানাজায় কেন লাল পতাকা হাতে সমর্থকরা

খামেনি

নিহতের দীর্ঘ ৪ মাস পর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। ৬ দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। আজ শনিবার (৪ জুলাই) জানাজার প্রথম দিনে লাল পতাকা বহন করে ‘প্রতিশোধের’ আহ্বান জানিয়েছেন শোকাহত সমর্থকরা।  শনিবার শত শত মানুষের হাতে এ পতাকা দেখা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির অনুসারীরা প্রতিশোধের প্রতীক হিসেবে এসব লাল পতাকা তৈরি করেছেন।

তিনি আরও বলেন, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইরান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

ইসলামি বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতা কেবল রাষ্ট্রপ্রধানের মতো একজন ব্যক্তি ছিলেন না; তার অবস্থান ছিল এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা তীর্থযাত্রীদের আবাসনের জন্য দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে দেশটির শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। এছাড়া বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা শেষ বিদায়ে উপস্থিত হয়েছেন।
সূত্র: আল জাজিরা