গাজায় হামাস শাসনের অবসান!

গাজা
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা

প্রায় দুই দশক পর গাজা উপত্যকার শাসন পরিচালনাকারী নিজেদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার (০৬ জুলাই) এ সিদ্ধান্তের মধ্য দিয়ে গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত একটি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সুগম হলো।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এই পদক্ষেপকে সংগঠনটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই উপত্যকাটি শাসন করে আসছিল হামাস।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গাজার শাসন কমিটি বিলুপ্তির প্রস্তুতি চলছিল। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।

গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি একাধিকবার জানিয়ে আসছে। তারা গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে হামাসের নিরস্ত্রীকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা জানান, সংগঠনটি গাজার শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে কমিটির কার্যক্রম তদারকির জন্য জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। গাজা পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এদিকে হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে সোমবার পরে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামাসের আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি মিসরের কায়রোয় অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনটি ফিলিস্তিনের অন্যান্য উপদলকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তার দাবি, উপদলগুলো হামাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক পদক্ষেপ হিসেবে দেখছে।

হামাসের এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-এর গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হলো।
সূত্র: এএফপি