এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

এনসিপি

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনার কারণে পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে এসব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা কর্মসূচি শুরু হবে। স্থগিত হওয়া স্থানগুলোর কর্মসূচি চলতি মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী পুনরায় আয়োজন করা হবে।

জানা গেছে, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। কর্মসূচিটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল এই দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে।

এর আগে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে এক সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।