দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
- ০৬ জুলাই ২০২৬, ১৯:২০
দেশের সব মাদ্রাসায় প্রতিদিন আবশ্যিকভাবে সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব মাদ্রাসা প্রধানের কাছে পাঠানো হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ প্রজন্ম গঠন এবং তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
নির্দেশনায় আরও বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন পিটি ও খেলাধুলার আয়োজন করবেন। সেইসঙ্গে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।
এছাড়া যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ও খেলাধুলায় দক্ষ কোনো শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শূন্য পদগুলো বিধি অনুযায়ী দ্রুত পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।