চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ১০ জুলাই ২০২৬, ১৮:৪৬
সক্রিয় মৌসুমি বায়ু ও উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মাতামুহুরী এবং সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা ও জলাবদ্ধতা অব্যাহত রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার বন্যা পরিস্থিতির সর্বশেষ হালনাগাদে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় অন্তত সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে সাড়ে তিন লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন।
এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বন্যাকবলিত মানুষের কাছে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে।