ফাইনালের আগে ফাইনাল আজ!

বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে ম্যাচটিকে ‘ফাইনালের আগের ফাইনাল’ বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, দুই পরাশক্তির এই লড়াই আগাম ফাইনালের রোমাঞ্চই ছড়িয়ে দেবে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘এই ম্যাচকে ফাইনালের আগের ফাইনাল বললে মোটেও বাড়াবাড়ি হবে না।’

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ফ্রান্স। স্পেনের অবস্থান দ্বিতীয়, আর্জেন্টিনা তৃতীয় এবং ইংল্যান্ড চতুর্থ। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

স্পেনের মিডফিল্ডার রদ্রিও ফ্রান্সকে অন্যতম শক্তিশালী দল হিসেবে উল্লেখ করলেও নিজের দলের সামর্থ্যের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন।

তিনি বলেন, ‘ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা দল এবং দারুণ ফর্মে রয়েছে। তবে আমরাও ভালো খেলছি। ইউরো ও নেশন্স লিগে আমরা দেখিয়েছি, তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে।’

স্পেনের একমাত্র বিশ্বকাপ শিরোপা আসে ২০১০ সালে। এবার তারা সেমিফাইনালে খেলতে নামছে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে। এই ধারাবাহিকতায় তারা ইতালির সর্বকালের রেকর্ড থেকে মাত্র এক ম্যাচ পিছিয়ে। স্পেন সর্বশেষ হেরেছিল ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে।

রদ্রি আরও বলেন, ‘সম্ভবত ফ্রান্সই আমাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তবে আমরা খুবই উজ্জীবিত এবং শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। ফ্রান্স যেমন শক্তিশালী, আমরাও তেমন।’