সচিবালয়ের পথে কেন শিক্ষার্থীরা

শিক্ষার্থী

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। তাদের সড়ক ছাড়ার পর সায়েন্সল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে তারা সংগঠিতভাবে লংমার্চ শুরু করলে মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

লংমার্চে অংশ নেওয়া এক শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে এসেছেন। দাবি পূরণ না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেগুলো তুলে ধরবেন।

আরেক শিক্ষার্থী নূরনন্নবী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক পরীক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন। তাই শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড এবং শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে। এর আগে অবরোধের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।