বাংলাদেশে বিয়ে নিয়ে চীনের সতর্কতা

চীন

বাংলাদেশি নারীদের সঙ্গে চীনা নাগরিকদের বিয়ের ঘটনা সাম্প্রতিক সময়ে বাড়তে থাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। বিশেষ করে প্রতারণার মাধ্যমে বা অবৈধ উপায়ে বিয়ের সঙ্গে জড়িত হলে মানবপাচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দূতাবাসের আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে ভ্রমণ বা বিয়ের উদ্দেশ্যে আসার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে অনলাইনভিত্তিক ‘ম্যাচমেকিং’ বা বিয়ে-সংক্রান্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস এসব কার্যক্রমকে ‘বিয়ে কেনা’র মতো ঝুঁকিপূর্ণ প্রবণতা হিসেবে উল্লেখ করেছে।

চীনা দূতাবাস জানায়, সীমান্তপারের বিয়ের আড়ালে প্রতারণার শিকার হওয়ার ঘটনা তাদের নজরে এসেছে। তাই বাংলাদেশে এসে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে সতর্ক থাকতে এবং এ ধরনের কার্যক্রমের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে বা অবৈধভাবে বাংলাদেশে এসে বিয়ে করলে দেশে ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বিয়ের মাধ্যমে মানবপাচার, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, আইনি জটিলতা এবং আর্থিক ক্ষতির মতো গুরুতর ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা থাকে। প্রতারণামূলক বিয়ের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: গ্লোবাল টাইমস