নতুন করে ৬ দাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা হন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনা করার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা; পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের ও নতুন ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরকে চূড়ান্ত ফল হিসেবে গণ্য করা; প্রশ্নপত্রে ভুল থাকা প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান; বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য সময় দিয়ে পুনরায় পরীক্ষা আয়োজন; পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের বিষয়টি মূল্যায়নের সময় বিবেচনায় নেওয়া এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের কঠোর বা বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।

উল্লেখ্য, এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবির অংশ হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়ে আসছিলেন। তবে সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের সর্বশেষ দাবিপত্রে সেই দাবি আর অন্তর্ভুক্ত করা হয়নি।