কেন আত্মসমর্পণ করেন ববি

ববি

ব্যাটারি কিনে টাকা পরিশোধ না করে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ববি। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন সোহেল রানা।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ করেন। পরে ২০ নভেম্বর গুলশানের বিটিএল কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করা হয়।

অভিযোগ অনুযায়ী, এসব ব্যাটারির মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে আসামিরা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করেন। পরে পাওনা টাকা চাইতে গেলে তাকে টাকা দেওয়া হবে না বলে জানানো হয় এবং হুমকি দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির মূল্য বাবদ ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন।