৪৫ বছর পর

জিয়াউর রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে প্রায় ৪৫ বছর পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, বনানী ডিওএইচএস এলাকা থেকে বুধবার রাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফ্ফর হোসেনকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফ্ফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ছিলেন অন্যতম।

বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও মামলার নথি অনুযায়ী, মেজর মোজাফ্ফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করার পর তাকে লক্ষ্য করে গুলি করেন। হত্যাকাণ্ডের পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে রাষ্ট্রপতির নিহত হওয়ার খবর জানান বলেও অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও মেজর মোজাফ্ফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মেজর মোজাফ্ফর দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৮ সাল পর্যন্ত সেখানে অবস্থানের পর তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন।

দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর তাকে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।