বিশ্বকাপের ফাইনাল কবে কোথায় কখন
- ১৬ জুলাই ২০২৬, ১৯:৩৮
বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শেষ অধ্যায়ে পৌঁছে গেছে ফুটবল বিশ্ব। ৪৮ দলের লড়াই শেষে এখন শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র দুই দল।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ফলে নির্ধারিত হয় এবারের ফাইনালের দুই প্রতিপক্ষ।
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
এই ম্যাচে জিততে পারলে ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর প্রথম এবং সবমিলিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।
এদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই সেমিফাইনালে পরাজিত দল ইংল্যান্ড ও ফ্রান্স।