আইএমএফের সতর্কতা

জিডিপি

প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রাজস্ব আহরণ বাড়ানো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে কার্যকর সংস্কার না হলে মধ্যমেয়াদে জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ৩ শতাংশের নিচে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

সরকারের নতুন ঋণপ্রস্তাবের পরিপ্রেক্ষিতে আইএমএফের একটি প্রতিনিধিদল ১৬ জুলাই থেকে পাঁচ দিনের সফরে ঢাকায় অবস্থান করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান ইভো ক্রজনার।

এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।