বড় সংগ্রহ বাংলাদেশের
- ১৭ জুলাই ২০২৬, ১৮:০৭
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় হার দেখেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটির পর শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন তানজিদ তামিম।
ইনিংসের শুরুতেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন দুই ওপেনার। একাধিকবার জীবন পেলেও সেই সুযোগ কাজে লাগিয়ে দুজনই তুলে নেন অর্ধশতক। তানজিদ ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। আর সাইফ হাসান ৪২ বলে স্পর্শ করেন ক্যারিয়ারের আরেকটি টি-টোয়েন্টি ফিফটি।
ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। ৪৪ বলে ৫৮ রান করে বিদায় নেন তিনি। অন্যদিকে সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করে আউট হন।
দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত ফিরে যান তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান। তবে শেষ দিকে ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে স্কোর আরও বড় হয়।
ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ রান করেন। আর সাইফউদ্দিন মাত্র ১০ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ইনিংসের শেষ ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৬ রানে নিয়ে যান এই অলরাউন্ডার।