বাজারের হালচাল

বাজার

সারা দেশে টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। সরবরাহ ব্যাহত হওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে হাতে গোনা কয়েকটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই ১০০ টাকার কাছাকাছি বা তার ওপরে। ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকায়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে সবজির সরবরাহ কমে গেছে। বৃষ্টির কারণে সবজিবাহী ট্রাক সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে দামে।

এদিকে, ভারী বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরবরাহ সংকট আরও তীব্র হয়েছে বলে জানান তারা।

বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। একইভাবে কাঁচামরিচের দামও বেড়েছে। কয়েক দিন আগেও ১২০ টাকায় পাওয়া গেলেও বর্তমানে সাধারণ মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে। ভালো মানের কাঁচামরিচের দাম উঠেছে ২০০ টাকায়।

তবে সবজির মধ্যে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। অন্যদিকে গাজরের কেজি ১৬০ টাকা।

রাজধানীর টাউন হল বাজারের এক সবজি বিক্রেতা বলেন, টানা বৃষ্টি ও বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতির কারণে সরবরাহ কমে গেছে। আবহাওয়া স্বাভাবিক হলে ধীরে ধীরে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমতে পারে।

ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। আনিসুজ্জামান নামে এক ক্রেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় সবজির এমন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।