সামুদ্রিক নজরদারি টাওয়ার গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার বন্দরের একটি সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মাকরান উপকূলীয় অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দরের ওই স্থাপনাটি সম্পূর্ণ বেসামরিক অবকাঠামো ছিল। ইরান এ হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে। এতে জেলেদের জীবিকা এবং বেসামরিক নৌ চলাচলের নিরাপত্তা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, মার্কিন বাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার আঘাতে সামুদ্রিক ট্রাফিক কন্ট্রোল টাওয়ারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় এ হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের অবজ্ঞার আরেকটি উদাহরণ এবং পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির প্রতিফলন।

এদিকে হামলার পর দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি হওয়ায় নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে ইরানের জ্বালানি মন্ত্রণালয়।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চল বর্তমানে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি জ্বালানি অবকাঠামোর ওপর হামলার প্রভাব মোকাবিলা করছে। তবে বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন নাকি অন্য কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কুয়েতের বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, হামলার পর স্থাপনাটিতে আগুন লাগলেও দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে কারিগরি দল ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো মেরামত এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে। একই সঙ্গে বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নাগরিকদের প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইরান দাবি করেছিল, কুয়েতে হামলা চালিয়ে তারা কয়েকটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তেহরানের ভাষ্য, ওই স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী ও ইসরায়েল-সমর্থিত যোদ্ধারা অবস্থান করছিল।
সূত্র: আল জাজিরা