সমতা ফেরালো বাংলাদেশ

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনারদের দুর্দান্ত সূচনা এবং পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

শুক্রবার বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে জিম্বাবুয়ে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি ব্রায়ান বেনেট। দ্রুত বিদায় নেন তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সও।

এরপর সিকান্দার রাজা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেললেও রিশাদ হোসেন তাকে ফিরিয়ে দিলে বড় ধাক্কা খায় জিম্বাবুয়ে। পরে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স লড়াই চালিয়ে গেলেও ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

এর আগে বাংলাদেশের ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। দুজনই জীবন পেয়ে সেটিকে কাজে লাগিয়ে তুলে নেন ফিফটি। তামিম ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৮ রান করেন। অন্যদিকে সাইফ ৪২ বলে ফিফটি স্পর্শ করে ৪৫ বলে ৫৫ রান করে ফেরেন।

দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দল। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ এবং সাইফউদ্দিন মাত্র ১০ বলে অপরাজিত ৩১ রান করে দলের স্কোর ১৮৬-তে পৌঁছে দেন।

ব্যাটিংয়ের পর বোলাররাও দায়িত্বশীল পারফরম্যান্স উপহার দিলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।