সংসদ নিয়ে যা বললেন ডেপুটি স্পিকার

ডেপুটি-স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চার পরিসর আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতীয় সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তবে অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদকে ঘিরে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বর্তমান সংসদকে আরও কার্যকর ও গণমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের রাজনীতি চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আগামীর বাংলাদেশ পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, ওই আন্দোলনে যারা জীবন দিয়েছেন ও রক্ত ঝরিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান (বাবুল), ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।