যে কারণে ইয়ামাল নয়, সেরা কুবারসি

বিশ্বকাপ

বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি ছিলেন ২০২৬ বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের অন্যতম দাবিদার। তবে শেষ পর্যন্ত আলো কেড়ে নিয়েছেন স্পেনের তরুণ সেন্টারব্যাক পাউ কুবারসি। অসাধারণ রক্ষণভাগের নেতৃত্ব দিয়ে তিনি জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় পুরস্কার।

মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন কুবারসি। তার নেতৃত্বে পুরো টুর্নামেন্টে দুর্ভেদ্য ডিফেন্স গড়ে তোলে বিশ্বচ্যাম্পিয়নরা। আট ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। ওপেন প্লে থেকে প্রতিপক্ষকে মাত্র ১.৬৯ এক্সপেক্টেড গোল তৈরি করতে দিয়েছে তারা, যা নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে সর্বনিম্ন।

শুধু তাই নয়, ফাইনালে আর্জেন্টিনার আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে দেয় স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল স্কালোনির দল একটি শটও নিতে পারেনি। স্পেনের বক্সে তাদের স্পর্শ ছিল মাত্র একবার। অতিরিক্ত সময়সহ পুরো ম্যাচে আর্জেন্টিনা নিতে পেরেছে মাত্র দুটি শট।

ফাইনালেও আধিপত্য ছিল কুবারসির। ম্যাচে সর্বোচ্চ ১৩৯ বার বল স্পর্শ, ১২১টি সফল পাস, ৯৬ শতাংশ পাসিং নির্ভুলতা এবং ২১টি লাইন-ব্রেকিং পাস করেন তিনি। রক্ষণেও ছিলেন সমান কার্যকর। ম্যাচে সর্বোচ্চ ৬টি ক্লিয়ারেন্স করার পাশাপাশি স্পেনের খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৭টি ডুয়েল জিতেছেন এই তরুণ ডিফেন্ডার।

পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল তার ধারাবাহিক পারফরম্যান্স। সফল পাসের সংখ্যায় কেবল সতীর্থ রদ্রি (৭৫৬) ছিলেন তার (৬৭১) ওপরে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে এই দুটি সংখ্যাই সর্বোচ্চ সফল পাসের রেকর্ড।

শুধু রক্ষণ নয়, আক্রমণ গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কুবারসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ২২১টি ফরোয়ার্ড পাস সম্পন্ন করেছেন তিনি। এছাড়া ওপেন প্লেতে ডিফেন্সিভ থার্ডের বাইরে থেকে অন্তত ২৫ শতাংশ দূরত্ব অতিক্রম করা ৩৩টি সফল প্রগ্রেসিভ পাস দিয়ে এই বিভাগেও সেরা ছিলেন তিনি।

প্রতিপক্ষের মিডফিল্ড ও রক্ষণভাগ ভেঙে দেওয়া নিখুঁত পাসেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন কুবারসি। পুরো টুর্নামেন্টে রদ্রির পর দ্বিতীয় সর্বোচ্চ ১০৪টি লাইন-ব্রেকিং পাস দিয়েছেন এই বার্সেলোনা তারকা।

অন্যদিকে লামিনে ইয়ামালও স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আক্রমণে অসংখ্য সুযোগ তৈরি করেছেন এবং প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেছেন। তবে সামগ্রিক পারফরম্যান্স, পরিসংখ্যান এবং রক্ষণে আধিপত্যের দিক থেকে সতীর্থ ইয়ামালকে ছাড়িয়ে গিয়ে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি নিজের করে নিয়েছেন পাউ কুবারসি।