বাজারে থাকছে না ৮ পণ্য

পণ্য

ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারায় চারটি প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে।

সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় কয়েকটি পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সংরক্ষণকারী পদার্থ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীব এবং বাংলাদেশ মানদণ্ডের ব্যত্যয় পাওয়া গেছে।

বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারের একটি ব্যাচে অতিরিক্ত সংরক্ষণকারী পদার্থ শনাক্ত হয়েছে।

এদিকে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট’ আইসক্রিমে বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বেশি নন-ফ্যাট দুগ্ধজাত কঠিন পদার্থ পাওয়া গেছে।

অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, অলিভ ও লাবণ্য ব্র্যান্ডের মোরিংগা+মাচা ফেসওয়াশ, ফোমিং মিল্ক ও তুলসী ফেসওয়াশ এবং লাবণ্য ব্র্যান্ডের অ্যালোভেরা শ্যাম্পুতেও মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে।

অন্যদিকে, ডেকো ফুডস লিমিটেডের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের আম ও কমলা স্বাদের কোমল পানীয়ের গুঁড়ায় বাংলাদেশ মান অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার তুলনায় কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার স্বার্থে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে এসব পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রত্যাহার কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া ভোক্তার অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে বিএসটিআই সবসময় কাজ করে যাচ্ছে।

তিনি ক্রেতাদের পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেন। একই সঙ্গে পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার সংক্রান্ত কোনো অভিযোগ দ্রুত সংস্থাটিকে জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে ১৬ জুলাই মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ওই পণ্যগুলো ছিল ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।