ভেস্তে গেলো পরীমণির বিয়ে

পরীমণি

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হট ফেভারিট আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এই হারে আর্জেন্টিনা সমর্থকদের মতোই হতাশ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও কট্টর আর্জেন্টিনা ভক্ত পরীমণি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের আগের ‘বিয়ের ঘোষণা’ নিয়েও মন্তব্য করেছেন।

ফাইনালের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ পোস্টের সঙ্গে তিনি দুঃখ ও ভালোবাসার কয়েকটি ইমোজিও যুক্ত করেন।

এর আগে আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল চলাকালে এক আবেগঘন পোস্টে পরীমণি ঘোষণা দিয়েছিলেন, তার প্রিয় দল বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সে সময় তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে সেই ঘোষণা আর বাস্তবায়নের সুযোগ থাকল না। ম্যাচ শেষে নিজের নতুন পোস্টে বিষয়টি নিয়েই রসিকতার ছলে প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন পরীমণি। বিভিন্ন সময়ে তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে এক ছেলে রয়েছে। পরে দাম্পত্য টানাপোড়েনের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়।