আবেগাপ্লুত ইয়ামি

ইয়ামি গৌতম

কঠোর পরিশ্রম ও দীর্ঘদিনের অধ্যবসায়ের স্বীকৃতি পেলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২৪ সালের রাজনৈতিক-অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য ‘সেরা অভিনেত্রী’ পুরস্কার জিতেছেন তিনি। একইসঙ্গে ছবিটি অর্জন করেছে ‘সেরা ফিচার ফিল্ম’-এর সম্মাননাও।

ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার জয়ের পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইয়ামি।

১৪ বছরের অভিনয়জীবনের নানা সংগ্রামের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে, যা আপনাকে মনে করিয়ে দেয় কেন আপনি কখনো হাল ছাড়েননি। আজ আমার জন্য সেই বিশেষ মুহূর্ত। ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া এমন একটি সম্মান, যা আমি সারাজীবন মনে রাখব।’

অভিনয়ের প্রতি নিজের নিষ্ঠার কথা তুলে ধরে ইয়ামি আরও বলেন, ‘গত ১৪ বছর ধরে আমি শুধু আমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং চেয়েছি আমার অভিনয়ই যেন আমার হয়ে কথা বলে। এই সম্মান আমার আশা, অধ্যবসায় এবং সিনেমার প্রতি ভালোবাসার স্বীকৃতি। বহুদিন ধরে হৃদয়ে লালন করা একটি স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। আমি গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি।’

‘আর্টিকেল ৩৭০’ ছবিটি তার কাছে কেন এতটা বিশেষ, সেটিও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘এই ছবিটি আমার কাছে আর পাঁচটি সিনেমার মতো ছিল না। গল্পটির প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। যেহেতু এটি আমাদের নিজস্ব প্রযোজনার ছবি, তাই এই স্বীকৃতি আমার জন্য আরও বেশি আবেগের। শুটিংয়ের প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি দিন আমরা সততার সঙ্গে এই গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি।’

উল্লেখ্য, ‘আর্টিকেল ৩৭০’ নির্মিত হয়েছে ইয়ামি গৌতমের স্বামী, প্রযোজক-পরিচালক আদিত্য ধরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই অর্জন ইয়ামির কাছে শুধু পেশাগত সাফল্য নয়, ব্যক্তিগতভাবেও এক বিশেষ আবেগের উপলক্ষ।