মন যা চায় তাই করো
- ২১ জুলাই ২০২৬, ১৮:৪৪
অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করে নিতে ভালোবাসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরে বেড়ান দেশের বাইরে। সম্প্রতি অবকাশযাপনে মালদ্বীপ সফর করেছেন তিনি। এবার সেই ভ্রমণের নানা মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, কখনো নীল সমুদ্রের তীরে নির্মল বাতাস উপভোগ করছেন, কখনো সৈকতে হেঁটে বেড়াচ্ছেন। আবার প্যারাসেইলিং ও স্কুবা ডাইভিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতাও উপভোগ করতে দেখা গেছে তাকে।
ভ্রমণের ভিডিওর ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’
অভিনেত্রীর এই বার্তায় অনেক অনুসারী সমর্থন জানিয়েছেন। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, এমন ইচ্ছা পূরণ করতে আর্থিক সামর্থ্যও গুরুত্বপূর্ণ।
এর আগে মালদ্বীপ সফরের বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিজের ফেসবুকেও প্রকাশ করেছিলেন কেয়া পায়েল। তবে সফর চলাকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের পাশে বসে তাকে খাবার খাইয়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওটি প্রকাশের পর ওই যুবকের সঙ্গে কেয়া পায়েলের প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।