তৌহিদ আফ্রিদির মুক্তিতে বাঁধা নেই
- ২১ জুলাই ২০২৬, ১৮:৫৪
অবশেষে প্রতারণার মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদি। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করেন। আইনজীবীর দাবি, এ মামলায় জামিন পাওয়ায় তৌহিদ আফ্রিদির কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাঁধা নেই।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ইকবাল মাহমুদ শোভন বলেন, ‘এই মামলায় জামিন পাওয়ার পর তৌহিদ আফ্রিদির মুক্তির পথে আর কোনো আইনি জটিলতা নেই।’
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র বাদী আশফাহ তোয়াহা দ্যূতির সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমে অল্প কিছু টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন ধাপে বিনিয়োগের কথা বলে তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা নেওয়া হয়। পরে প্রতারণার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেন তিনি।
পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই প্রতারক চক্রের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ মামলায় গত ১৫ জুন তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি পুলিশ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
তার আইনজীবী জানান, ওই দুই মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির আগেই পুলিশ তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এ কারণে জামিন পেলেও এতদিন তিনি কারাগার থেকে মুক্তি পাননি।