বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
- ২১ জুলাই ২০২৬, ১৯:৩২
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী।
সোমবার (২১ জুলাই) অনশনের চতুর্থ দিনে তিনি প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী তরুণী (১৮) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। অভিযুক্ত আব্দুল্লাহ আল ইমন (২২) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবেকী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী তাইজুল ইসলামের ছেলে। অভিযোগে ইমনের বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমকেও বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, বিষয়টি উভয় পরিবারের সদস্যদের জানা ছিল এবং সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার তরুণীকে বিয়ের আশ্বাস দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের ডাকে তরুণী মরিচবুনিয়া বাজারে যান। সেখান থেকে ইমন তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে বাড়িতে পৌঁছানোর পর ইমনের বাবা-মা তাঁকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও বিয়ে করতে রাজি নন বলে জানিয়ে দেন বলে অভিযোগ করেছেন তরুণী। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে তরুণী নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।