সোনা-রুপায় লাফ

সোনা-রুপা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৪ জুলাই ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তবে মাত্র তিন দিনের ব্যবধানে আবারও মূল্য বৃদ্ধি করা হলো।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫৯ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ১১৬ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্য অনুযায়ী সোনা ও রুপার গহনা বিক্রি করা হচ্ছে।