ভারতীয় গণমাধ্যমকে কী বললেন মিরাজ?
- ২৭ জুলাই ২০২৬, ১৭:৪১
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার দাবি, ওই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ কাজ করেছে। তবে বিষয়টি নিয়ে তিনি আর বিস্তারিত কিছু বলতে চাননি।
বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলছেন মিরাজ। সেখানেই ভারতীয় ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ, ভারত সিরিজ, নেতৃত্ব এবং বাংলাদেশের ক্রিকেটের নানা প্রসঙ্গে কথা বলেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মিরাজ বলেন, “আমার মনে হয়, এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।”
বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপও প্রকাশ করেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, “প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ খেলোয়াড়ও সেই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। বর্তমান বাস্তবতা সবাই জানে।”
ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মিরাজ। তিনি বলেন, “অনেক দিন পর ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা শক্তিশালী দল, তবে নিজেদের মাঠে ভালো ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি।”
ভারতে খেলতে ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই। সবাই ভারতে গিয়ে খেলতে চায়।”
সাক্ষাৎকারে উঠে আসে ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে জয়ের স্মৃতিও। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতানোর সেই ম্যাচ প্রসঙ্গে মিরাজ বলেন, “ওটা আমার ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত। আমরা শুধু ইতিবাচক থেকে এক বল করে এগিয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি স্মরণীয় এক জয় হয়ে ওঠে।”
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন মিরাজ। তিনি বলেন, “তামিম ভাই দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের জন্য অবদান রেখেছেন। বিসিবিকে নেতৃত্ব দেওয়ার এটি তার জন্য বড় সুযোগ। আমি বিশ্বাস করি, তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এলপিএলে প্রথমবার খেলার অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট এই অলরাউন্ডার। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার শ্রীলঙ্কা সফর করলেও এবারই প্রথম দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন এবং নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন।
গল গ্যালান্টসের অধিনায়ক দাসুন শানাকার নেতৃত্বেরও প্রশংসা করেন মিরাজ। তার ভাষায়, “শানাকা একজন দুর্দান্ত টি-টোয়েন্টি ক্রিকেটার এবং ভালো অধিনায়ক। একটি ম্যাচ হারলেও তিনি দলকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন।”
নিজের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী মিরাজ। তিনি বলেন, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়সহ সাম্প্রতিক সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে বড় টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য পেতে হলে প্রতিনিয়ত উন্নতি করা এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।