ককরোচদের নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার
- ২৭ জুলাই ২০২৬, ১৮:১২
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ইন্টারনেটে আলোচিত চাপ প্রয়োগকারী গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলা জেন জি প্রজন্মের আন্দোলন ও তাদের তৈরি রিল ভিডিও নিয়ে তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
সোমবার (২৭ জুলাই) ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একাধিক পোস্টে তিনি আন্দোলনের ধরন, ভাষা ও উপস্থাপনাকে ‘বমি উদ্রেককারী’ বলে আখ্যা দেন।
কঙ্গনা লেখেন, আন্দোলনকারীদের কথা বলার ভঙ্গি, আচরণ এবং ব্যবহৃত ভাষা অত্যন্ত অসম্মানজনক। তার ভাষায়, প্রতিটি দৃশ্যই এতটা বেসুরো ও স্থূল যে তিনি জীবনে এমন কিছু আগে দেখেননি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “কারা এদের জন্ম দিচ্ছে এবং এভাবে মানুষ করছে?”
আন্দোলনকারীদের প্রতীক হিসেবে ব্যবহৃত ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’ রূপক নিয়েও কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, তারা নিজেদের তেলাপোকা বলে পরিচয় দেয় এবং তাদের আচরণও ঠিক তেমনই। এতে কোনো বৈপরীত্য নেই; বরং এটি পৃথিবীকে নোংরা ও কদর্যতায় ভরিয়ে দেওয়ার মতো বলে মন্তব্য করেন তিনি।
স্টোরির শেষাংশে কঙ্গনা দাবি করেন, এসব রিল দেখে তিনি মানসিকভাবে আতঙ্কিত হয়েছেন।
এদিকে, গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি অনুযায়ী তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে তারা কর্মসূচি স্থগিত করে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার প্রবীণ বিজেপি নেতা প্রহ্লাদ জোশীকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া