কলকাতায় উপ-হাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা

কলকাতা

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ এক বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেন। এরপর ওই পদে উম্মে মারুফাকে নিয়োগ দেওয়া হলো।