দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ৩টার দিকে ইস্টার্ন কেপের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশির মৃত্যু হয়।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী জানান, নিহতদের মধ্যে চারজন তার ইউনিয়নের বাসিন্দা। অন্য দুজনের একজন বক্তাবলী ইউনিয়নের এবং অপরজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। তারা সবাই পরস্পরের আত্মীয় ছিলেন।

তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের আত্মীয়স্বজনদের একসঙ্গে হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

তবে এ বিষয়ে এখনো সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। একই সঙ্গে নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

ঘটনার বিষয়ে একই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।