নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ

মিরাজ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তনের জোরালো গুঞ্জন চলছে। সাম্প্রতিক পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে নতুন নেতৃত্ব আনার সম্ভাবনার কথা জানিয়েছে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রথমদিকে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবার ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার আলোচনা থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসই এ দৌড়ে এগিয়ে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা হতে পারে।

বর্তমানে বাংলাদেশ দলের তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক দায়িত্ব পালন করছেন। টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

আগামী ২৯ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় অধিনায়কত্বের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একইসঙ্গে টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও তাওহীদ হৃদয়কে সহ-অধিনায়ক করার বিষয়টি আলোচনায় রয়েছে।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে লিটন দাসের অনুপস্থিতিতে তাওহীদ হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তার নেতৃত্বও ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।

এর আগে নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডে দলের অধিনায়ক করার বিষয়টি বিবেচনায় থাকলেও সাদা বলের ক্রিকেট ও টেস্ট দলের নেতৃত্ব আলাদা রাখার পরিকল্পনার কারণে আপাতত লিটন দাসই এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ক্রিকবাজ।

তবে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।