জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- ২৮ জুলাই ২০২৬, ১৮:১৮
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, অধিবেশনের ৮১তম সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যিনি সম্প্রতি এ পদে নির্বাচিত হয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় সাইডলাইন বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এ সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের মধ্যে সীমিত রাখা হবে বলে জানা গেছে।