পুলিশের সতর্কবার্তা
- ২৮ জুলাই ২০২৬, ১৮:৩৭
পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একাধিক প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে—এমন অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য, এসব প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় দেখেই সেটিকে সত্য বলে ধরে না নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে এ ধরনের বার্তার কোনো জবাব না দেওয়ার জন্যও সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।