যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ইরাকে হামলা সৌদির
- ২৯ জুলাই ২০২৬, ১৭:৪৪
ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ হামলা, নিহত ২০
ইরাকের অন্তত সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন ও সৌদি যুদ্ধবিমান হামলা চালায়।
রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির এ সংখ্যা প্রাথমিক। মাঠপর্যায়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবরে বলা হয়, গত ৭২ ঘণ্টায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং সৌদি বিমান বাহিনী এ যৌথ অভিযান পরিচালনা করে। হামলায় পিএমএফের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, যানবাহন ও অস্ত্রশস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে ইরাক সরকার পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের জরুরি বৈঠক আহ্বান করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।