সাফে কোন গ্রুপে বাংলাদেশ

সাফ

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে। ড্র অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে।

ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল আপাতত টুর্নামেন্টের বাইরে থাকায় ছয় দল নিয়ে ড্র সম্পন্ন হয়। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দলটি বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে।

বর্তমান সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। নেপাল নিষেধাজ্ঞামুক্ত হলে তারাও এই গ্রুপে যোগ দেবে। সে ক্ষেত্রে চার দলের গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। আর নেপাল অংশ নিতে না পারলে তিন দলের গ্রুপ থেকেই সেরা দুই দল শেষ চারে জায়গা করে নেবে।

অন্যদিকে ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ। এই গ্রুপ থেকেও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে।

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। এরপর দীর্ঘ ২০ বছর শিরোপার অপেক্ষায় থাকার পর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আসরে ১৪ বছরের সেমিফাইনাল খরা কাটিয়ে শেষ চারে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া ২০১৮ সালের পর এবারই আবার সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে বাংলাদেশ।

গ্রুপ বিভাজন

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল (নিষেধাজ্ঞা প্রত্যাহার সাপেক্ষে)

গ্রুপ ‘বি’: ভারত, মালদ্বীপ, পাকিস্তান