সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে কী ঘটেছে?
- ০৬ আগস্ট ২০২৬, ১৭:১৬
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সব গেট বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে বিভিন্ন কাজে সচিবালয়ে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। গেট বন্ধ থাকায় অনেককে বাইরে অপেক্ষা করতে এবং বিভিন্ন প্রবেশপথের সামনে জড়ো হতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের প্রতিটি গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সচিবালয়ের উদ্দেশে অগ্রসর হওয়া ১১ দলীয় জোটের মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়।
কর্মসূচিতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
এর আগে জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠান চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।
অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।