সোনায় বড় লাফ

সোনা

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও আবার বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ গত ৩১ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে রুপার নতুন দামও ঘোষণা করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা রুপার দাম প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে সোনার দাম মোট ৯৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ দফা দাম বেড়েছে, ৪৯ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।