প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো তার
- ০৬ আগস্ট ২০২৬, ১৮:২০
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে। সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠির পরিপ্রেক্ষিতেই এ সাক্ষাতের সুযোগ পায় ক্ষুদে এই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তার হাতে একটি হারমোনিয়াম তুলে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
অনুশ্রী রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় সে দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লেখে। চিঠিতে সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে একটি হারমোনিয়ামের অনুরোধ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথা উল্লেখ করে। যদিও চিঠিটি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে দিতে পারেনি, তবে তার একজন কর্মকর্তার মাধ্যমে সেটি পৌঁছে দেওয়া হয়।
পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেগাপ্লুত অনুশ্রী জানায়, সে কখনো কল্পনাও করেনি যে তার লেখা চিঠি প্রধানমন্ত্রী পড়বেন এবং তাকে ডেকে পাঠাবেন।
অনুশ্রী বলে, সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম তার খুব প্রয়োজন ছিল। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় সেটি কেনা সম্ভব হয়নি। তাই পদক প্রদান অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি লিখেছিল। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন পেয়ে জানতে পারে, তার চিঠি প্রধানমন্ত্রী পড়েছেন এবং সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি অনুশ্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে একটি হারমোনিয়াম উপহার দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায়।
অনুশ্রীর বাবা বলেন, মেয়েকে প্রধানমন্ত্রী নিজে ডেকে উৎসাহ দেবেন—এমনটা তারা কখনো ভাবেননি। বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর মানবিক কর্মকাণ্ডের গল্প শুনেই অনুশ্রী বিশ্বাস করেছিল, চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যেতে পারে। সেই বিশ্বাস থেকেই সে চিঠি লিখেছিল।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং হারমোনিয়াম উপহার পাওয়ায় অনুশ্রী ও তার পরিবার গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের আশা, প্রধানমন্ত্রীর এই উৎসাহ ভবিষ্যতে অনুশ্রীর সংগীতচর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন পূরণে তাকে সাহস দেবে।