সামরিক জোট গঠন করছে সৌদি-তুরস্ক-পাকিস্তানের
- ০৭ আগস্ট ২০২৬, ১৮:০৩
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আদলে নতুন একটি আঞ্চলিক সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এ লক্ষ্যে শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের উপকূলীয় বন্দরনগরী জেদ্দায় তিন দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হতে যাওয়া চুক্তির চূড়ান্ত নথি ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। এতে সৌদি আরবের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্বাক্ষর করবেন।
চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষা প্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছেছেন। তারা শনিবার (৮ আগস্ট) পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। অন্যদিকে, শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের।
নতুন প্রতিরক্ষা চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাত এবং এর প্রভাবে হরমুজ প্রণালিতে উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এই উদ্যোগকে আরও গতি দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরেক কর্মকর্তার তথ্যমতে, প্রস্তাবিত জোটে সৌদি আরব অর্থনৈতিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্ক সরবরাহ করবে উন্নত সামরিক প্রযুক্তি ও শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা। অন্যদিকে পাকিস্তান জোটে তার পারমাণবিক সক্ষমতা ও অভিজ্ঞ সামরিক বাহিনীর শক্তি যুক্ত করবে।
তিন দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় এর সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।