মেসির বাবার মৃত্যুর খবর, যা জানা গেলো
- ০৮ আগস্ট ২০২৬, ১৮:৫০
লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইনফোবে-সহ কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এখন পর্যন্ত মেসির পরিবার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আন্তর্জাতিকভাবেও নির্ভরযোগ্য বড় কোনো সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্যকে আপাতত অনিশ্চিত বলেই বিবেচনা করা হচ্ছে।
এর আগেও বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। সে সময় আর্জেন্টিনার একটি টেলিভিশন অনুষ্ঠানে লাইভ সম্প্রচারের সময় উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা দাবি করেছিলেন, মেসির বাবা মারা গেছেন। মেসিকে মাঠে আবেগঘন অবস্থায় দেখার পরই তিনি এমন তথ্য প্রচার করেন।
পরে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে জীবিত আছেন এবং কিছু শারীরিক সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন। ফলে উপস্থাপিকার দেওয়া তথ্যটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। যাচাই না করে মৃত্যুর খবর প্রচারের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এবং পরবর্তীতে পদত্যাগ করেন।
এবারও হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টিকে সত্য হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই।