কঙ্গনার সুর বদল
- ০৮ আগস্ট ২০২৬, ১৯:৩৬
জেন-জি বা নতুন প্রজন্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। একসময় তরুণ প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করলেও এবার তাদেরই ভারতের শক্তি ও সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আগের মন্তব্য থেকে সরে এসে কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মই দেশের সবচেয়ে বড় শক্তি। তার ভাষ্য, জেন-জি দেশের শক্তি এবং জাতির জন্য একটি বড় সম্পদ। তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়কে তুলে ধরছে, তাতে তিনি আনন্দিত।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে একটি বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের আপত্তিকর মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। সে সময় তিনি জেন-জিকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করেন। তরুণদের কিছু ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ বলেও আখ্যা দেন তিনি।
কঙ্গনার সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এবার নতুন বক্তব্যে জেন-জি সম্পর্কে ইতিবাচক অবস্থান তুলে ধরায় তার আগের মন্তব্য ও বর্তমান অবস্থানের পার্থক্য নিয়েও আলোচনা শুরু হয়েছে।