‘র’ প্রধান হঠাৎ ঢাকায়
- ১১ আগস্ট ২০২৬, ১৮:২৫
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন পরাগ জৈন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফর নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
রবিবার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পরাগ জৈনের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের মধ্যে ‘র’ প্রধানের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরে তিনি কার কার সঙ্গে বৈঠক করবেন কিংবা আলোচনার বিষয় কী হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন।
পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।
ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে।