কোন বোর্ডে পাসের হার কতো

এসএসসি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জন—দুই সূচকেই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল হলো—রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন।

যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।

বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। আর ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

সার্বিক ফলাফলে কমেছে পাসের হার

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

অন্যদিকে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টার দিকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।